প্রজেক্ট হোপ: সামান্য সহায়তাই এনে দিতে পারে তৃপ্তির হাসি
প্রজেক্ট হোপ: সামান্য সহায়তাই এনে দিতে পারে তৃপ্তির হাসি
Date: Feb. 14, 2026
প্রত্যেক শিশুর জীবন হোক নিরাপদ, স্নেহময় এবং স্বপ্নে পরিপূর্ণ এটিই আমাদের কামনা। কিন্তু বাস্তবতা হলো, অনেক এতিম শিশুর জন্য এখনো দু’বেলা খাবার, পড়াশোনা কিংবা নিত্যপ্রয়োজনীয় চাহিদাও অনিশ্চিত। এই বাস্তবতাকে বদলে দিতে মানবিক দায়বদ্ধতা থেকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন), যুক্তরাজ্যভিত্তিক সংস্থা Send A Little Hope–এর সহযোগিতায় শুরু করেছে “প্রজেক্ট হোপ”।
এই উদ্যোগের আওতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নির্বাচিত ১০০ জন এতিম শিশু এক বছরের জন্য প্রতি মাসে ৩,৩৬০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে। নিরাপদ ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এই অর্থ সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতি মাসে মোট ৩,০০,০০০ টাকা বিতরণ করা হচ্ছে, যা তাদের খাদ্য, শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে। প্রজেক্ট হোপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে।
৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আশ ফাউন্ডেশন ও Send A Little Hope যৌথভাবে “Orphankind, Orphan Support Program 2026” আয়োজন করে আল হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায়। অনুষ্ঠানে শিশুদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়; সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব শেখানো হয়। পাশাপাশি আয়োজন করা হয় একটি চিত্রাঙ্কন কার্যক্রম, যেখানে রঙের ছোঁয়ায় ফুটে ওঠে শিশুদের আনন্দ ও সৃজনশীলতা। শিশুদের মাঝে হাত ধোয়ার সাবানও বিতরণ করা হয়, যেন শেখানো অভ্যাসগুলো তারা নিয়মিত চর্চা করতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন, মুজাহিদুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। বক্তব্যে অধ্যাপক শাহাবুদ্দিন বলেন, এই নিষ্পাপ শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আর এ ধরনের উদ্যোগ তাদের ভবিষ্যৎকে আশা ও মর্যাদায় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রজেক্ট হোপ শুধু একটি আর্থিক সহায়তা কর্মসূচি নয়; এটি যত্ন, সম্মান এবং প্রতিটি শিশুর জন্য আশাব্যঞ্জক আগামী নির্মাণের এক মানবিক অঙ্গীকার।